|
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
নড়াইল সদর উপজেলায় এক তরুণীকে (১৮) চারদিন বিভিন্ন স্থানে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ এনে সদর থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার ২ এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু।
গ্রেফতারকৃত হলেন, সদর উপজেলার মো. আকাশ বিশ্বাস (২১) এবং মো. নূরনবী মোল্যা (২৮)। এ ছাড়া মামলার অপর আসামি মো. বিপ্লব আমিন শেখ (২২) পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণী সদর উপজেলার বাসিন্দা। গত ৪ নভেম্বর বিকেলে ওই তরুণী পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে রাগ করে বাড়ি থেকে বের হন। পরে তিনি তার ভাইয়ের পরিচিত আকাশ বিশ্বাসকে ফোন করে তার সমস্যার কথা জানান। এসময় আকাশ তাকে একটি বাজারে আসতে বলেন। সেখানে পৌঁছানোর পর একটি ভ্যানে করে তাকে সদর উপজেলার একটি গ্রামের বিপ্লব আমিন শেখের বাড়িতে নিয়ে যায় আকাশ বিশ্বাস। পরে ওই বাড়িতে রাতে একটি কক্ষে আটকে রেখে আকাশ বিশ্বাস তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। পরদিন অর্থাৎ ৫ নভেম্বর রাতে তাকে আবার অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নূরনবী মোল্যা তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে।
এজাহার সুত্রে আরও জানা যায়, ৬ নভেম্বর রাতে তাকে আবার বিপ্লব আমিন শেখের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে আটকে রেখে আবার ধর্ষণ করা হয়। এ সময় আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে বলেও অভিযোগ করা হয়েছে।
এরপর ৭ নভেম্বর ভোরে সুযোগ পেয়ে ভুক্তভোগী তার ভাইকে ফোনে বিষয়টি জানান। পরে ভাই ও পরিবারের লোকজন তাকে খুঁজে উদ্ধার করেন। এরপর ভুক্তভোগী তরুণী গত মঙ্গলবার (১০ নভেম্বর) নড়াইল সদর থানায় মামলা করেন।
এবিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, মামলার ১ নম্বর আসামিকে মামলা করার এক ঘণ্টার মধ্যে এবং ৩ নম্বর আসামি নূরনবীকে মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। নূরনবী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন আসামি এখনো পলাতক আছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D