|
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে সব ধরনের ভিসার আবেদন করতে হলে নির্ধারিত ফরম্যাটে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ বা ভিসা অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ভিসা আবেদনকারীকে হাইকমিশনের নির্ধারিত ফরম্যাটের অঙ্গীকারনামা পূরণ করে অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এ জন্য প্রথমে হাইকমিশনের দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা আবেদন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, এ ক্ষেত্রে শুধু নির্ধারিত ফরম্যাটের ফর্মই গ্রহণ করা হবে। অন্য কোনো ফরম্যাটে অঙ্গীকারনামা জমা দিলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রকাশিত এক পাতার ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য ও ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করার পাশাপাশি কয়েকটি বিষয়ে অঙ্গীকার করতে বলা হয়েছে।
ফর্মের প্রথম অংশে পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ এবং ঢাকার বর্তমান ঠিকানা দিতে হবে। দ্বিতীয় অংশে ভারত সফরের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন- ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণ।
এ ছাড়া আবেদনকারীকে অঙ্গীকার করতে হবে, ভিসায় উল্লেখিত উদ্দেশ্যেই তিনি ভারত সফর করবেন এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন। কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ অতিক্রম করে ভারতে অবস্থান করবেন না।
ভারতে অবস্থানকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলার প্রতিশ্রুতিও দিতে হবে। কোনো আইন লঙ্ঘন করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে ফর্মে উল্লেখ করা হয়েছে।
সবশেষে আবেদনকারীকে ফর্মে স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে ভারতীয় ভিসা প্রত্যাশীদের অনলাইন আবেদন জমা দেওয়ার আগে নির্ধারিত অঙ্গীকারনামা পূরণ ও আপলোডের বিষয়টি নিশ্চিত করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D