সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের।

বোর্ডের প্রকাশিত ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। তিন প্রতিষ্ঠানের মধ্যে হবিগঞ্জের ১টি এবং সুনামগঞ্জের ২টি প্রতিষ্ঠান রয়েছে।

অন্যদিকে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এসব প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল তিনটি। এবার তা বেড়ে হয়েছে ছয়টি। তবে গত বছর শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল চারটি। এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিনটিতে।

এর আগে ২০২৪ সালে সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল আটটি। ওই বছর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনা ছিল না।

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন বলেন, ‘এবার শতভাগ পাস করেছে ছয়টা কলেজ এবং কেউ পাস করেনি এরকম তিনটা প্রতিষ্ঠান আছে। ৩ প্রতিষ্ঠানের মধ্যে হবিগঞ্জে একটি প্রতিষ্ঠান, সুনামগঞ্জে দুটি প্রতিষ্ঠান রয়েছে। সুনামগঞ্জে কিছুটা হয়তো রিমোট এরিয়া আছে। তথাপি ওখানে মাঝে মাঝে বাচ্চারা নিয়মিত হয়তো কলেজে যাওয়ার আশা করতে পারে না, এটা হয়তো একটা কারণ। বন্যার একটা প্রকোপ ছিল তখন।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট