সিলেটের জাফলংয়ে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

সিলেটের জাফলংয়ে বালু তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ডাউকি নদীতে বালু তুলতে গিয়ে মাটিচাপা পড়ে বারেক মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউর ভাগ হাওর (বাংলাবাজার) এলাকার জংসের মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে জীবিকার তাগিদে প্রতিদিনের মতো ডাউকি নদীতে বালু তুলতে যান বারেক মিয়া। কাজ করার একপর্যায়ে নদীর প্রায় ১৫ হাত পানির নিচে থাকা মাটির স্তূপ আকস্মিকভাবে ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়েন।

পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের মাতম চলছে স্বজনদের মধ্যে। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট