কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬

কমলগঞ্জে টমেটো ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লক্ষ টাকার ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ধলই চা-বাগানে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী ইমন দাশের বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক গোপাল রবিদাশের প্রায় দুই বিঘা জমির প্রায় ৩ লক্ষ টাকার টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধলই চা-বাগান সংলগ্ন কৃষক গোপাল রবিদাশের নিজ কৃষিজমিতে এ ঘটনা ঘটে। গোপাল রবিদাশ ও তাঁর তিন ছেলে প্রায় তিন বিঘা জমিতে টমেটো চাষ করে জীবিকা নির্বাহ করেন। গত বুধবার রাতে স্থানীয় কমল গোড় ও কানাই লাল টমেটো বাগানে গিয়ে ইমন দাশকে গাছে রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে দেখেছেন। এ ঘটনায় গোপাল রবিদাশ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইমন দাশের বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট