|
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৬
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।
তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। আজ (বৃহস্পতিবার) রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতনামা যুবক তাঁর ওপর একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকও মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রবীন রাংসা বলেন, ‘আলিফ ফকির আমার দোকানে সিগারেট নিতে আসে। যাওয়ার সময় মোবাইল ফোন রেখে চলে যায়। এরপর আবার ফোন নিতে আসে। মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় দুজন ব্যক্তিও পেছন দিয়ে যায়। পরেই আমি গুলির শব্দ শুনি। ভয় পেয়ে আমিও দোকানের ভেতরে চলে যাই।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক আলিফ ফকিরের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D