সিলেটে ট্রিপল মার্ডার : দোয়ারাবাজারে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় গৃহকর্মী তাহমিনা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৬

সিলেটে ট্রিপল মার্ডার : দোয়ারাবাজারে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় গৃহকর্মী তাহমিনা

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় নিহত কিশোরী তাহমিনার (১৫) দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

নিহত তাহমিনার চাচাতো ভাই মো. সোহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বিকেল ৪টায় তাহমিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর গ্রামের বাড়িতে এনে রাত ৮টা ৫০ মিনিটে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।’

তাহমিনার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের রায়নগর গ্রামে। তার বাবা আপ্তাব মিয়া পেশায় একজন দিনমজুর।

পরিবার সূত্রে জানা গেছে, নগরীর জল্লারপাড় এলাকার বাচ্চু মিয়ার কলোনিতে বাবা মায়ের সঙ্গে থাকতো তাহমিনা। গত কোরবানির ঈদের পর সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে তাহমিনা। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তাহমিনা ছিল সবার বড়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অল্প বয়সেই তাকে কাজে নামতে হয়েছিল। কাজ করে সে পরিবারে আর্থিক সহযোগিতা করতো।

তাহমিনার মামা রাহিম মিয়া বলেন, কোরবানির ঈদের পর তাহমিনা ওই বাসায় কাজে যায়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কাজ করে সংসারে সহযোগিতা করত সে।

এদিকে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত অপর দুজন—বাড়ির মালিক মো. আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ওই দম্পতির দাফন হওয়ার কথা রয়েছে।

এর আগে, বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে গলাকাটা অবস্থায় আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বুধবার বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনি থেকে বাবুল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনির মৃত নূর মিয়ার (কবিরাজের) ছেলে। পরে বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বলেন, ‘গৃহকর্মী তাহমিনার মরদেহ আজ (বৃহস্পতিবার) বিকেলে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট