|
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতবর্ষী স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯ লাখ টাকা ব্যয়ে মেরামত ও সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও নির্ধারিত শিডিউল না মানার অভিযোগে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের তোপের মুখে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান ফটক থেকে ভেতরের প্রায় ১০ ফুট চওড়া রাস্তায় শিডিউল অনুযায়ী ৫ ইঞ্চি আরসিসি ঢালাই দেওয়ার কথা থাকলেও রড ছাড়াই মাত্র ২ থেকে আড়াই ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছিল।
এছাড়া জমাটবদ্ধ নষ্ট সিমেন্ট, অতিরিক্ত বালু ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। তারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে কাজ বন্ধ করে সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ভানু দাস ও ঠিকাদার নজরুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নুর বলেন, তিনি বিদ্যালয়ে আসার আগেই মঙ্গলবার সকালে ঢালাইয়ের কাজ শুরু করা হয়। পরে এসে দেখতে পান, নির্ধারিত ৫ ইঞ্চি পুরুত্ব অনুযায়ী কাজ হচ্ছে না এবং ঢালাইয়ে জমাটবদ্ধ নষ্ট সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাদের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, অনিয়ম হওয়া অংশ সম্পূর্ণ ভেঙে শিডিউল অনুযায়ী ৫ ইঞ্চি ঢালাই নিশ্চিত না করা পর্যন্ত কাজ শুরু করতে দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দা স্বরূপ সরকার ও মুহিবুর রহমান অভিযোগ করেন, বারবার সতর্ক করার পরও নিম্নমানের কাজ চালানো হয়েছে। তারা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সুনামগঞ্জ শিক্ষা ও প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সৈয়দ তারেক জহিরুল হক বলেন, শিডিউল অনুযায়ী অবশ্যই ৫ ইঞ্চি ঢালাই হতে হবে। অনিয়ম ও গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর নজরদারি থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D