চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার সভাপতি আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক হৃদয় লোহার এক যুক্ত বিবৃতিতে ২০২৩ সালের চা শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট এর আলোকে ৫%ইনক্রিমেন্টের মাধ্যমে দৈনিক নগদ মজুরি ১৯৬ টাকা ঘোষণাকে অযৌক্তিক-অগ্রহনযোগ্য উল্লেখ করে ৫ শত টাকা ঘোষণা করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, দৈনিক নগদ মজুরি ৫শত টাকা, শ্রমিক স্বার্থবিরোধী গেজেট-২০২৩ বাতিল, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, বসত ভিটার স্হায়ী বন্দোবস্তের এই ৪দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিভ্রান্ত করতেই বাংলাদেশ চা সংসদ একতরফা ভাবে ১৯৬ টাকা মজুরি ঘোষণা করেছে।

১২ আগস্ট বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চরম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১৯৬ টাকা দৈনিক মজুরি দেওয়ার মধ্য দিয়ে চা শ্রমিকদের সাথে মালিকরা চরম অন্যায় করছে। সরকার চা শিল্পকে একটি লাভজনক রফতানিমুখী শিল্প হিসেবে ঘোষণা করছে, অপরদিকে যারা শ্রম দিয়ে চা শিল্পকে গড়ে তুলেছে সেই শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নি। যুগযুগ ধরে এই শোষণ-বঞ্চনা – শ্রম দাসত্বের শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছে এই জনগোষ্ঠীকে। এই বন্দিদশা থেকে চা শ্রমিকদের মুক্তি দিতে হবে। আমরা চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা টাকা ঘোষণার দাবিতে আন্দোলন চালিয়ে আসলেও বর্তমান বাগান নেতৃত্বে ৫শত টাকা ঘোষণার দাবিতে আন্দোলনকে সমর্থন করছি। চা শ্রমিকদের সাথে প্রতারণার সামিল ৫% ইনক্রিমেন্ট প্রদানের গেজেট ২০২৩ বাতিল এবং জাতীয় মজুরি বোর্ড গঠনের দাবি করছি। অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার দাবি রাখছি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট