|
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৬
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রোমান। দুর্ঘটনায় আহত হেলপারের নাম নয়ন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় নিহত চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তেলবাহী গাড়িটিতে চালক ও হেলপার ছাড়া অন্য কেউ ছিলেন না।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এনামুল হক চৌধুরী এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটিতে থাকা দুজন ব্যক্তির মধ্যে চালক নিহত হয়েছেন এবং আহত হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D