|
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬
সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৬ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯২ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৪ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৭৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৭ জন, হবিগঞ্জে ১১৬ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৫৩ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনকে রুবেলা রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৭ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৬ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া শিশুটির বয়স ৭ মাস। তার বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায়। শিশুটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সন্দেহজনক হাম রোগে চার জেলায় মোট ১২২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে নিশ্চিত হাম রোগে মৃত্যুর তথ্য নেই। সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।
নিশ্চিত হাম শনাক্তের দিক থেকে চলতি বছরে সুনামগঞ্জ অন্য তিন জেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে। জেলাটিতে এ পর্যন্ত ৩৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এরপর সিলেটে ২৮৭ জন, মৌলভীবাজারে ১২০ জন এবং হবিগঞ্জে ১১৬ জন আক্রান্ত হয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D