|
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬
সুনামগঞ্জে ছাতক পিডিবি ও পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে জেলার জাউয়া বাজার, চেচান ও কালারুকাসহ বিভিন্ন স্থানে আকস্মিকভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কসহ ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের উভয় পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জাউয়া বাজার ও কালারুকা ফিডারের আওতাধীন এলাকায় ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, অফিস-আদালতের কার্যক্রমসহ স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান ও লোডশেডিং বন্ধের দাবিতে সোমবার সন্ধ্যায় প্রথমে জাউয়া বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে চেচান ও কালারুকা এলাকায়ও একই কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজার ও চেচান এলাকায় প্রায় ১০ কিলোমিটারের বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যাত্রীবাহী বাস, সিএনজি, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এদিকে বিদ্যুৎ বিভাগের কালারুকা ও জাউয়া বাজার ফিডারের ইনচার্জ সহকারী প্রকৌশলী আজিম উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন গ্রাহক। তাদের অভিযোগ, অতিরিক্ত বিল প্রদান, নষ্ট ট্রান্সফরমার পরিবর্তনের নামে অর্থ দাবি এবং বিভিন্ন কাজে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রকৌশলী আজিম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
কৈতক গ্রামের বাসিন্দা হাসান বলেন, ‘বিদ্যুতের সমস্যা দীর্ঘদিনের। কখন বিদ্যুৎ আসে আর কখন চলে যায়, তার কোনো ঠিক নেই। এতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।’ অবরোধ প্রত্যাহার ও যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে জাউয়া বাজার ও চেচান এলাকার অবরোধ প্রত্যাহার করা হয়।
জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফ কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১০টার দিকে জাউয়া বাজার ও চেচান এলাকার সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা এলাকার অবরোধও একই সময়ের মধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। পরে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও ছাতক-গোবিন্দগঞ্জ মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবিতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D