জগন্নাথপুরে মৎস্য খামারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

জগন্নাথপুরে মৎস্য খামারের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদার ফজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলু মিয়া দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন লিটনের মৎস্য খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে খামারের পশ্চিম পাশে পাহারাদারের ঘরের সামনে দাওরাই-বেগমগঞ্জ সড়কের পাশে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দেওয়া হলে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান খান জানান, রাতের বেলা সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় ফাঁড়ি ও জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট