|
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য সিলেট জেলা ও মহানগর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভিন।
বুধবার বাদ জোহর জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের বিপুল সংখ্যক নেতাকর্মী নগরীর সিটি পয়েন্ট থেকে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসুচী পালন শেষে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ১১ দল নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে কথা বলেন।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয়, উৎপাদন খরচ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে। এতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়বে এবং শিল্প-বাণিজ্যসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।
স্মারকলিপিতে ১১ দফা দাবি তুলে ধরে নেতারা ভুতুড়ে বিদ্যুৎ বিলের গণশুনানি, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল, অতিরিক্ত আদায়কৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত, বিদ্যুৎ বিলিংয়ে স্বচ্ছতা নিশ্চিত, ‘গ্যাস না থাকলে বিল নয়’ নীতি কার্যকর, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, গ্যাসের সিস্টেম লস ও চুরি বন্ধ, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত, এলপিজি ও সিএনজির পর্যাপ্ত সরবরাহ এবং বিদ্যুৎ-গ্যাস খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে বাজারে সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানান।
তারা বলেন, এসব দাবি কোনো বিশেষ গোষ্ঠীর নয়; বরং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর আহ্বায়ক আলহাজ্জ মাওলানা এমরারন আলম, জেলা সভাপতি হাফিজ মাওলানা ইকবাল হুছাইন, লেবারপার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, এলডিপি সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, এবি পার্টির মহানগর আহ্বায়ক ওমর ফারুক, বিডিপি মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D