সিলেটে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

সিলেটে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সিলেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতভর এই অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক সায়ারে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেয়া তথ্য মতে ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত ছাল্লাইন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৪০০০ পিস ইয়াবা বড়িসহ আরেকজনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলেন- কানাইঘাট থানার ধলইমাটি এলাকার আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬) ও জৈন্তাপুর থানার ছাল্লাইন এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯)।

সিলেট জেলা গোয়েন্দা শাখা জানায়, এই ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ডিবি পুলিশের লিখিত এজাহারের ভিত্তিত্বে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।