|
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা এলাকায় আরও দুইজনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ফলে এ ঘটনায় নিখোঁজ চারজনের সবাই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ (৩৭), একই এলাকার মৃত অনিল দেবনাথের ছেলে অধীর দেবনাথ (৩৫), মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) এবং মৃত অনিল দেবনাথের ছেলে অরুণ দেবনাথ (৪৫)।
নৌকাডুবিতে বেঁচে ফেরা পূর্ব ভবানীপুর এলাকার নিশি দেবনাথ জানান, কীর্তন অনুষ্ঠান শেষে রাত প্রায় সাড়ে ৩টার দিকে তারা ৯ জন একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। মাঝ হাওরে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। তিনি নৌকার পেছনে থাকায় আগে পানিতে পড়ে যান এবং দীর্ঘ সময় সাঁতার কাটতে থাকেন। পরে একটি মাছ ধরার নৌকা এসে তাকে উদ্ধার করে। এ সময় আরও চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজন পানিতে ডুবে যান।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন নৌকায় করে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৩টার দিকে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন নিখোঁজ হন।
শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেটের ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে অভিযান চালিয়ে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে রোববার সকালে বাকি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D