|
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরে একা পেয়ে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত লায়েস পেশায় একজন ট্রলি চালক এবং এলাকায় চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল এলাকার ‘শ্যামল ছায়া আবাসনের নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লায়েস ওই গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে।
পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড় ভাই রাজমিস্ত্রি খালেদ মিয়া (২৫) সকালে কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার মা কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লায়েস ভেতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পোশাক খোলার চেষ্টা চালায়। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় হাসিম মিয়া, নেওয়াজ মিয়া, নজরুল ইসলাম ও পারভীন বেগমসহ আশপাশের লোকজন ছুটে এলে লায়েস দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে পরামর্শ করে ভিকটিমের ভাই খালেদ মিয়া কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে এলাকাবাসী জানান, গ্রেপ্তারকৃত লায়েস আহমেদ একজন নিয়মিত মাদকাসক্ত। রাতের আঁধারে ও প্রকাশ্যে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের ব্রিজ এবং ঝোপঝাড়ে বসে গাঁজা ও ইয়াবা সেবন করত। তার এসব অপকর্মের কারণে স্থানীয় শিশু-কিশোর, শিক্ষার্থী ও সাধারণ এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। পেশায় ট্রলি চালক লায়েস প্রায়শই মাদক সেবন করে বেপরোয়া হয়ে উঠত এবং পথচারীদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করত বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব, এসআই রাজু এবং এসআই রনির নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার শ্যামল ছায়া আবাসন থেকে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D