|
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার ও জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি দেশে এসে বলেছিলেন আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গউসের অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে। একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা আমার শত শত ভাই-বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাসিত। তারেক রহমান, এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কীভাবে ফেরত দিবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’
নাহিদ আরও বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি ও পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন, এটা আমরা মেনে নেব না।’
পতিত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, ‘বিগত ১৬ বছর এই দেশে মুজিবের নামে ব্যবসা হয়েছে। এখন আমরা জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেব না। অবিলম্বে জিয়ার নামে ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করুন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে। জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার, সবকিছু নিশ্চিত করতে হবে। সংস্কার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ‘প্রিয় কানাইঘাটবাসী, আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কী হতে যাচ্ছে। এই সকল লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে আবারও ভোট কারচুপি করা হবে। জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে, আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের কারচুপি, কোন ধরনের লাঠিয়াল বাহিনী, কোন ধরনের সন্ত্রাসীদের আমরা জায়গা করতে দেব না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘যদি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা পরাজিত হই, এই দেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হবে, নতুন স্বৈরাচার তৈরি হবে, আমরা সেটাকে রুখে দেব। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দিবেন। জনগণের পক্ষে ও উপযুক্ত প্রতিনিধির পক্ষে কথা বলবেন। শাপলাকলি এবং এনসিপির পক্ষে দাঁড়াবেন।’
কানাইঘাটবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুত থাকবেন। যদি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা পরাজিত হই, তাহলে দেশে নব্য ফ্যাসিবাদ ও নতুন স্বৈরাচার তৈরি হবে। আমরা সেটি রুখে দেব।’ এ সময় স্থানীয় সরকার নির্বাচনে গোলাম বোরহান উদ্দিন ইউসুফ নামে এক প্রার্থীকে সমর্থন জানান নাহিদ ইসলাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D