হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় সিলেট মহানগর জামায়াতের নিন্দা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় সিলেট মহানগর জামায়াতের নিন্দা

মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অবিলম্বে পৃথক হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।

বুধবার (২৯ জুলাই) সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসুচীতে ছাত্রদল নেতাকর্মীদের বর্বর ও নৃশংস হামলায় জাতি বিস্মিত। গণরোষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে বিএনপি ও ছাত্রদল শিক্ষা নেয়নি। দেশের বিভিন্ন স্থানের ন্যায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের পথে হাটঁছে। এর পরিনতি ভালো হবেনা।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে স্থানীয় যুবদল ও ছাত্রদল সন্ত্রাসীরা মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা ও ভাংচুর চালিয়েছে। এমপির এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এই ধরণের ন্যাক্কারজনক হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়াও নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেয়ার পরও ‘মবকে’ উসকে দেয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোন ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা।

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি ও ছাত্রদল রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ছাত্র-জনতার শাহাদাত ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ তাদের ছাড় দিবেনা। প্রয়োজনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট