সিলেটে র‌্যাবের জালে ৪ অনলাইন জুয়াড়ি

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

সিলেটে র‌্যাবের জালে ৪ অনলাইন জুয়াড়ি

সিলেটের শাহপরান থানাধিক এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিম চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগান এলাকার মিশির চাষার পুত্র দীপ্ত চাষা (২১), একই এলাকার সাধু কলের পুত্র অজয় কল (২৬), মৃত চন্দ্র তন্তবায়ের পুত্র পাপলু তন্তবায় (২৬) ও গোপাল নায়েকের পুত্র অন্তর নায়ক (২০)।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল শাহপরান থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিম চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বিডিত্রিপলটুডটকম, শিলং তীর, নাইট তীর ও জুয়াই তীরসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে জুয়া খেলতেন। জব্দকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার এর সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর তাদের এবং জব্দকৃত আলামত শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট