২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল। পরিদর্শনে দেখা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজীরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাসপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা অনুমোদন ছাড়াই নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়ার পর পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ইসলাম উদ্দিন মেম্বার, জমির আলী, খালিক মিয়া, মাহমদ হোসেন ও ধন মিয়া মেম্বারসহ মোট ২৬ জন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে ভোর পর্যন্ত নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। ঘটনার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D