সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২৬

সিলেটে ১০৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল শাহপরাণ থানাধীন খাদিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, খাদিমপাড়া এলাকার একটি দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি পলিথিন প্যাকেটের ভেতর থেকে ১ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- শাহপরাণ থানাধীন খাদিমপাড়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে নুরু মিয়া (৪০) এবং মৃত আব্দুস সোবহানের ছেলে মো. তানভীর হাসান অভি (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র‌্যাবকে জানান, তারা পরস্পরের যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট