সিলেটে ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

সিলেটে ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা

লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালানোর কারণে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত ডিএমটি সেফওয়ে হাসপাতালটি সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘ দিন ধরে কার্যক্রম পরিচালনা করার অপরাধে সোমবার (২০ জুলাই) বিকেল হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এর আগে ১৯ জুলাই রবিবার হাসপাতালটিতে অভিযান চালিয়ে কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে না পারায় তাদের ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পরও প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা লাইসেন্স জেলা প্রশাসনের দপ্তরে জমা দিতে ব্যর্থ হওয়ায় সোমবার চূড়ান্ত পদক্ষেপ নেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে হাসপাতালের মূল ফটকে নোটিশ টানিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন জানান, প্রতিষ্ঠানটি কোনো প্রকার বৈধ অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিল। জনস্বার্থ ও সরকারি বিধিমালার আলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি সিলগালা থাকবে। এই সময়ে কোনো ধরনের রোগী ভর্তি বা চিকিৎসার সুযোগ থাকবে না।

উল্লেখ্য, এই হাসপাতালের বিরুদ্ধে আগেও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর মতো গুরুতর অভিযোগ ছিল এবং চলতি বছরের জানুয়ারিতেও এক অভিযানে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট