২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলখ্যাত আয়েশা সিদ্দিকা হলের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। হলের সি ব্লকের কয়েকটি কক্ষের দেয়ালে ফাটল দৃশ্যমান হওয়ায় সেসব কক্ষের শিক্ষার্থীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ফাহমিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাহমিদা আক্তার জানান, হলের সি ব্লকের তৃতীয় তলার ৩২২, ৩২৩, ৩২৪, ৩২৫ এবং চতুর্থ তলার ৪২২, ৪২৩, ৪২৪, ৪২৫, ৪২৬ নম্বর কক্ষে বড় ফাটল দেখা দিয়েছে। এসব কক্ষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। এসব কক্ষের মোট ৩৬ জন ছাত্রীকে জরুরি ভিত্তিতে হলের অন্য কক্ষে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অতিথিকক্ষে, টিভি রুম ও স্নাতকোত্তর শেষ হওয়া শিক্ষার্থীদের আসনে স্থানান্তরিত করা হচ্ছে।
১০ দিনের মধ্যেই শিক্ষার্থীদের হলের অন্য কক্ষের ফাঁকা আসনে কিংবা ভালো কক্ষে স্থানান্তর করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে হল কর্তৃপক্ষ।
ফাটল দৃশ্যমান হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ।
এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে হল কর্তৃপক্ষ জানায়, সি ব্লক ঝুঁকিতে থাকায় বুধবার রাতের মধ্যে উল্লিখিত রুমের ছাত্রীরা অতিথিকক্ষ, লন্ড্রি কক্ষ ও ডি ব্লকে রিডিং রুমে স্থানান্তর হওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। এ বিষয়ে ছাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে। ওই দিন সন্ধ্যায় উপাচার্য, প্রক্টর এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সি ব্লক পরিদর্শন করে এ সিদ্ধান্ত দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানান্তর করা প্রয়োজন। আগামী এক সপ্তাহের মধ্যে এই ভোগান্তির সমাধান হয়ে যাবে।
তিনি বলেন, সিলেট ভূমিকম্পপ্রবণ অঞ্চল। এই ফাটলগুলোর কারণে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D