২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২৬
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকার ৪২ নম্বর সীমান্ত পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংক্য মং তঞ্চঙ্গ্যা (৫০) এবং অইমং তঞ্চঙ্গ্যার ছেলে চিংক্য অং (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন একটি কলাবাগানে কাজ করতে যান স্থানীয় তিন ব্যক্তি। এসময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই অংক্য মং তঞ্চঙ্গ্যা নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে পরপর আরও দুটি বিস্ফোরণে সঙ্গে থাকা অপর দুজনও নিহত হন।
ঘটনার পর স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানায়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, মরদেহগুলো এখনও ঘটনাস্থলেই রয়েছে এবং উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশির মরদেহ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, “তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনো মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।”
তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। মরদেহ হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D