ঈদে চালু হচ্ছে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস, টিকিট বিক্রি শুরু ১৭ মে

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

ঈদে চালু হচ্ছে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস, টিকিট বিক্রি শুরু ১৭ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আগামী ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৭ মে থেকে।

বৃহস্পতিবার (১৪ মে) বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা তুলনামূলক কম খরচে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।

জনসাধারণকে বিআরটিসির এই সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।

সরকারি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

এছাড়া হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

দীর্ঘ ছুটি ও বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণায় ঈদযাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট