ইন্টারপোলের সহায়তায় আসামিকে দেশে আনলো পিবিআই

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

ইন্টারপোলের সহায়তায় আসামিকে দেশে আনলো পিবিআই

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেফতার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। বুধবার (৬ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এ কারণে দেশে ফিরিয়ে আনার পর বুধবার তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাসায় হারুন অর রশিদ খানকে গুলি করা হয়। পরে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৩ এপ্রিল ভারতের দিল্লির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

দিল্লিতে অস্ত্রোপচারের পর ১ মে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে ৭ মে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে তিনি মারা যান।

গুলির ঘটনার দুই দিন পর, ২৭ ফেব্রুয়ারি নিহতের ছেলে আমিনুর রশীদ খান তাপস শিবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, এজাহারভুক্ত প্রধান আসামিসহ চারজন দীর্ঘদিন ধরে দুবাইয়ে অবস্থান করছিলেন।

পিবিআই নরসিংদীর বিশেষ পুলিশ সুপার এসএম মোস্তাইন হোসেন বলেন, “আরিফ সরকারকে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে হারুন অর রশিদ হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবং মামলাটি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট