২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬
সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প, যা ঘুম ভাঙিয়ে দেয় অনেক মানুষের। ভূমিকম্পটি সকাল প্রায় সাড়ে ৬টার দিকে অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের থৌবাল শহর থেকে প্রায় ৫৯ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ দশমিক ৫ কিলোমিটার।
ভোরের এই কম্পনে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ঝাঁকুনি অনুভূত হয়। যা অনেকের ঘুম ভাঙিয়ে দেয়। কেউ কেউ আতঙ্কে বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি প্রথমে ইউনিভার্সাল টাইম অনুযায়ী রাত ১২টা ২৯ মিনিটে রেকর্ড করা হয়, যা বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার হলেও গভীরতার কারণে এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, মঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ২১ এপ্রিল ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয় এবং এর কেন্দ্রস্থল ছিল কামজং-এ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।
ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশ সরাসরি বড় কোনো চ্যুতিরেখার ওপর না থাকলেও পার্শ্ববর্তী মিয়ানমার এবং উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটোনিক প্লেটের কারণে এ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। তাই প্রতিবেশী অঞ্চলে মাঝারি বা বড় মাত্রার ভূমিকম্প হলে তার প্রভাব বাংলাদেশেও অনুভূত হওয়া স্বাভাবিক।
বিশেষজ্ঞরা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একাধিক মৃদু কম্পন অনুভূত হওয়ায় ভূ-প্রাকৃতিক সক্রিয়তা কিছুটা বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এসব ঘটনা সরাসরি বড় ভূমিকম্পের পূর্বাভাস নয়। তারপরও তারা ভূমিকম্প-প্রস্তুতি জোরদার করা এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা সহজ হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D