সিলেটে দিনদুপুরে শিশুপুত্রের গলায় ছুরি ধরে কলেজ শিক্ষকের টাকা ছিনতাই

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সিলেটে দিনদুপুরে শিশুপুত্রের গলায় ছুরি ধরে কলেজ শিক্ষকের টাকা ছিনতাই

সিলেটে দিনদুপুরে এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক কলেজ শিক্ষককে তার তিন বছরের শিশুপুত্রসহ জিম্মি করে নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

শনিবার (৪ এপ্রিল) বিকাল পৌণে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিলেটের বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ওহি আলম রেজা জানান, তিনি আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে তার শিশুপুত্রকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।

অটোরিকশাটিতে আগে থেকেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ তাদের একজন রেজার সন্তানের গলায় ছুরি ধরে তাকে চুপ থাকার নির্দেশ দেয়।

এসময় আতঙ্কিত হয়ে তিনি সন্তানকে জড়িয়ে ধরলে ছিনতাইকারীরা তার পকেট থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়। পরে নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে না নিয়ে আরও কিছুদূর গিয়ে তাকে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

ঘটনার পর ওহি আলম রেজা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। নেটিজেনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে ভুক্তভোগী কলেজ শিক্ষক ওহি আলম রেজা জানান, তিনি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট