হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেকারি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৬

হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেকারি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষতি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উক্ত বাজারের ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে বেকারির ভেতর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দিগবেদিক ছুটতে থাকেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

খবর পেয়ে বাহুবল ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় জনতা ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে বেকারির ভেতরের মূল্যবান মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বেকারির মালিকপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৮ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।