৬ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

৬ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম

গত বেশ কয়েক দিন ধরে স্বর্ণের বাজার ছিল পড়তির দিকে। টানা ৭ দফায় অনেকটাই নিচে নেমে এসেছিল স্বর্ণের দাম। তবে, বিশ্ববাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার (২৮ মার্চ) সকালে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকেই কার্যকর হয় নতুন দাম। কিন্তু, ৬ ঘণ্টাও স্থায়ী হলো না এই দাম।

বিকেলে আরও এক দফা দেশের বাজারের জন্য স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে বাজুস। এবারের দফায় ভরি প্রতি সবচেয়ে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাফে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে দিয়েছে সংস্থাটি।

এর ফলে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টা থেকেই দেশের বাজারে কার্যকর হয়েছে স্বর্ণের নতুন এই দাম।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে টানা সাত দফায় ভরি প্রতি মোট ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানোর পর শনিবার (২৮ মার্চ) সকালে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ৯৩ হাজার ৯১৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫৭ হাজার ৯৩১ টাকা। বিকেল ৩টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই দেশের বাজারে বিক্রি হয়েছে সোনা।

সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৮ দফা; কমানো হয়েছে ২১ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে এখন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৬ দফা; কমানো হয়েছে ১৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার। এর মধ্যে দাম বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট