জকিগঞ্জ সীমান্তে ৪৮২৬ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

জকিগঞ্জ সীমান্তে ৪৮২৬ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

সিলেটের জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার লোহারমহল বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সুপরাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ ভেতরে একটি প্রাইভেটকারকে সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

অভিযানে মোট ৪ হাজার ৮২৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, এই অভিযান সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে ইয়াবা পাচার রোধে বিজিবির কঠোর অবস্থানেরই প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট