সিলেটের শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬

সিলেটের শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সিলেটজুড়ে উৎসবের আমেজে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল সাড়ে ৮টায় নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে।এতে ইমামতি করেন বরুণার পীর নামে পরিচিত মুফতি রশিদুর রহমান ফারুক। বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।

সিলেটের দুই মন্ত্রী-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নামাজ আদায় করেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পুরো সিলেটজুড়েই ঈদের এই জামাত ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

একই সময় নগরীর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা আসজাদ আহমদ। হযরত শাহপরান (র.) মাজার মসজিদ প্রাঙ্গণেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।



এ ছাড়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা ছিল। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। যেখানে মুসল্লিদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।

এছাড়া কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায়, জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় সকাল ৮টা ও সাড়ে ৮টায় পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানেও সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া নগরীর কাজিরবাজার মখন জামে মসজিদ, টিলাগড় শাহ মাদানী ঈদগাহসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি পাড়া-মহল্লার মসজিদেও ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা, যেখানে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উপস্থিতি।

এদিকে, ঈদকে ঘিরে সিলেটে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সিলেটে এবার মোট ২ হাজার ৯৫৮টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় অনুষ্ঠিত হয় ৩৯৬টি জামাত।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট