ঈদের ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত সিলেটের ১০ পর্যটন স্পট

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৬

ঈদের ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত সিলেটের ১০ পর্যটন স্পট

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটের পর্যটন খাতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরছে। দীর্ঘদিনের মন্দার অবসান ঘটিয়ে এবার ঈদের ছুটিতে প্রায় ১০ লাখ পর্যটকের আগমন ঘটতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে ১০০ থেকে ১৫০ কোটি টাকার ব্যবসার সম্ভাবনা তৈরি হয়েছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন জানান, “ইতোমধ্যে সিলেটের প্রায় ৮৫ শতাংশ আবাসিক হোটেল ও মোটেল বুকিং হয়ে গেছে। দেড় বছর ধরে বিভিন্ন কারণে পর্যটন খাত স্থবির ছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঈদে পর্যটনের সুবাতাস বইবে এবং ব্যবসা ভালো হবে বলে আমরা আশা করছি।”

পর্যটন ব্যবসায়ীরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট সব সময়ই ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সম্প্রতি কিছুদিন বৃষ্টিপাত হওয়ায় সিলেটের পর্যটনকেন্দ্রগুলো নতুন রূপে সেজে উঠেছে। গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, ভোলাগঞ্জের সাদা পাথরসহ বিভিন্ন স্থানে স্বচ্ছ পানির প্রবাহ ও পাথরের মেলবন্ধন দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছে।

উৎমা ছড়া, তুরুং ছড়া, জৈন্তাপুরের লালাখাল ও পান্তুমাই ঝরনাও এখন পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে পরিগণিত হচ্ছে।

পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু এলাকায় বালু-পাথর লুটপাটের ঘটনা পর্যটন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে পর্যটকদের আস্থা বাড়ছে।

স্থানীয় ট্যুর গাইড মো. রফিকুল ইসলাম বলেন, “গত কয়েক বছর পর্যটক কম থাকায় ব্যবসায় ক্ষতি হয়েছিল। এবার ঈদের আগেই বুকিং বেড়েছে। পর্যটকদের ভালো সেবা দিতে পারলে ভবিষ্যতেও তারা সিলেটে ফিরে আসবেন।”

নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্ঠু দত্ত জানান, “আমাদের হোটেলের বেশির ভাগ কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। অতিথিদের সেবা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি এবার ব্যবসা সন্তোষজনক হবে।”

পর্যটন কেন্দ্রগুলোতে ইতিমধ্যে খাবার, পরিবহন ও হোটেল-রুমের সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে। সিলেটের পাহাড়, নদী, ঝরনা ও বিস্তীর্ণ চা-বাগানের অপার সৌন্দর্য প্রতি বছরই ঈদের ছুটিতে দেশি পর্যটকদের আকৃষ্ট করে। এবারও পর্যটকরা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট