২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি ললিতকলা একাডেমীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১১ মার্চ মৌলভীবাজার জেলা প্রশাসকের স্বাক্ষরিত অফিস আদেশে ইউএনওকে এই দায়িত্ব প্রদান করা হয়।
জানা যায়, কমলগঞ্জের মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালক না থাকায় সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম ইতিপূর্বে উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে পরিচালক থাকা জরুরি বিধায় সরকার কর্তৃক পরিচালক নিয়োগ না হওয়া অবধি উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জকে পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে ২০২৫ সনের ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত আনন্দ উৎসব অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিল্পীদের সম্মানী বাবদ দুই হাজার টাকা প্রদানের কথা থাকলেও উপপরিচালক প্রভাস চন্দ্র সিংহ পাঁচশ’, এক হাজার, দেড় হাজার টাকা হারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের যাতায়ত বাবদ বরাদ্দকৃত চৌদ্দ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে গত ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন।
এ ব্যাপারে মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ বলেন, শিল্পীদের টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি। তাদের যাওয়ার সময় ভাড়া নিজে বহন করেছি। তাছাড়া সরকারি বিধি মোতাবেক প্রতিষ্ঠানটিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে পরিচালক প্রয়োজন বিধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে নিয়োগ প্রদান করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সরকার কর্তৃক পরিচালক নিয়োগ না হওয়া অবধি ১২ মার্চ থেকে মণিপুরি ললিতকলা একাডেমির পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D