১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেটের বিভিন্ন সড়কের বেহাল অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, শহরের অনেক সড়ক চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দ্রুত সংস্কার না করলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
বুধবার (৪ মার্চ) সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত দলীয় ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সিলেটে আসার পথে বিভিন্ন সড়কের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়েছেন। অনেক স্থানে সড়কের এমন করুণ দশা যে সাধারণ মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের মাধ্যমে সড়কের প্রকৃত চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, যাদের সামর্থ্য আছে তারা বিমানযোগে বা বিকল্প পথে রাজধানীতে যেতে পারেন। কিন্তু শ্রমজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন এসব ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহার করেই চলাচল করতে হয়, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুন্দর, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি সিলেটবাসীকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর আদর্শ অনুসরণ করে সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
বক্তব্যের শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের ধন্যবাদ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D