মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলার খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিক আহমদ (২২)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় বোন সেলিনা জান্নাত সুমা বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে রাজনগর থানা পুলিশ সোমবার রাতে চট্টগ্রামের খুলশী থানাধীন মতিঝর্ণা কলোনিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে গ্রেফতার করে।

রাজনগর থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে গ্রেফতার তিনজনকে রাজনগর থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট