সিলেটের কয়েকটি এলাকায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক জরুরি রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা অপসারণ কার্যক্রম পরিচালনার জন্য এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট রাখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)–এর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত কাজ আগে শেষ হলে এর আগেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
লাক্কাতুরা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার, ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের এলাকা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, এডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদ সংলগ্ন অংশ, পর্যটন এলাকা, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রতিলিলা, সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় এই সময় বিদ্যুৎ থাকবে না।
গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

