হবিগঞ্জে দূর্ঘটনায় পুলিশ ও আসামিসহ আহত ৬

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

হবিগঞ্জে দূর্ঘটনায় পুলিশ ও আসামিসহ আহত ৬

হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে আসামিদের আদালতে নেওয়ার পথে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশ সদস্য ও আসামিসহ ছয়জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১২টার দিকে তিনজন আসামিকে নিয়ে তিন পুলিশ সদস্য পিকআপভ্যানে করে আদালতের উদ্দেশ্যে রওনা দেন। সুবিদপুর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনায় শাহপুর গ্রামের রাবিয়া বেগম, তার ছেলে মোস্তাকিম মিয়া এবং বেতকান্দি গ্রামের যতীন্দ্র মালাকার আহত হন। এছাড়া বানিয়াচং থানার গাড়িচালক পাভেল মিয়া, কনস্টেবল সৈয়দুল ইসলাম ও আকলিমা আক্তার আঘাতপ্রাপ্ত হন।

আহত রাবিয়া বেগমের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। অন্যরা সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তারা খাদ থেকে ওপরে উঠেন। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ উদ্দিন বলেন, নারী আসামি রাবিয়া বেগমের মাথায় আঘাত লেগেছে। তিন পুলিশ সদস্যসহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসা শেষে সবাইকে থানায় আনা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট