১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সিলেট নগরবাসীর জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সিলেট মহানগর পুলিশ। বিশেষ করে রমজান মাসে রাতে অলিগলীতে কিশোর ও তরুণদের আড্ডাবাজী বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সতর্কবার্তা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি বছর রমজান মাসে সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীর মোড়ে কিশোর-তরুণদের দলবদ্ধ আড্ডা লক্ষ্য করা যায়। এসব আড্ডায় অংশগ্রহণকারীদের অধিকাংশই স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থী। অনেক সময় এসব আড্ডা থেকে বেপরোয়া আচরণ, উচ্চ শব্দে হই-হুল্লোড় এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। অতীতে এমন আড্ডাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে নগরবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে অভিভাবক ও সচেতন মহল কিশোর-তরুণদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। চলতি রমজানের শুরু থেকেই নগরীর বিভিন্ন এলাকায় কিশোর-তরুণদের আড্ডাবাজী, এমনকি কোথাও কোথাও রাতের বেলায় ক্রিকেট খেলতেও দেখা যাচ্ছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে সম্প্রতি গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ। বিজ্ঞপ্তিতে রাতে অপ্রয়োজনীয় আড্ডাবাজী থেকে বিরত থাকতে কিশোর-তরুণদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হয়ে সন্তানদের তদারকির আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছি। পুলিশের উপস্থিতি টের পেলে অনেকেই সরে যাচ্ছে। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে সচেতন করছি।”
তিনি আরও বলেন, “সতর্ক করার পরও যদি কেউ নির্দেশনা না মানে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই কিশোর-তরুণরা আড্ডার বদলে পড়াশোনা ও ইতিবাচক কাজে মনোযোগী হোক। এ ক্ষেত্রে অভিভাবকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
পুলিশ জানিয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D