সিলেটে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সিলেটে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন

মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এম এ জি ওসমানী–এর ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাঁর সমাধিতে সামরিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুজ্জামানসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণের সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সেনাসদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর বীরত্বপূর্ণ অবদান স্মরণ করে।