২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৭
সিলেট সংবাদ ডেস্ক : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির মামলায় তিন ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলাটি সিলেট নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে।
রবিবার দুপুরে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হক এ পরোয়ানা জারির আদেশ দেন।
তিন আসামি হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ, ছাত্রলীগ কর্মী সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হক রুদ্র।
আদালতের পিপি আব্দুল মালেক বলেন, আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি ভিকটিমের বয়স ১৬ বছর হওয়ায় মামলাটি শিশু আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।
গত ১২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিনজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে আসামি করে আদালতে মামলা করেন। বিচারক মোহিতুল হক মামলাটি আমলে নিয়ে বিচারিক তদন্তের নির্দেশ দেন।
গত ৪ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত দলের প্রধান সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন। এতে ঘটনায় ছাত্রলীগের তিন জনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী মশরুর চৌধুরী শওকত জানান, গত ৮ এপ্রিল বিকালে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া ওই ছাত্রী তার ফুফাত ভাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যান। এ সময় শহীদ মিনার এলাকায় কয়েকজন ছাত্রলীগ কর্মী তাকে উত্ত্যক্ত করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিশ্ববিদ্যালয়ের দুই সাংবাদিক এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালান বিবাদীরা।
হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় গ্রেসক্লাবের সহ-সভাপতি নাবিউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাসও।
এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D