২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫
সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার আসামীদের পক্ষে যুক্তি-তর্কের দিন ধার্য ছিলো আজ মঙ্গলবার (২৫ নভেম্বর)। তবে মামলার ৬ আসামির একজন বাদে অন্য কেউই আদালতে হাজির হননি। তাই আদালত বুধবার (২৬ নভেম্বর) যুক্তি-তর্কের দিন ধার্য করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন রায়হান হত্যা মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।
জানা গেছে, সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলার আজ (মঙ্গলবার) ধার্য তারিখ থাকলেও আসামিরা উপস্থিত না হওয়ায় আদালতে শুনানি হয়নি। আদালতের ধার্য তারিখ থাকা সত্ত্বেও হাজিরা দেননি মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্ত করা এসআই আকবর হোসেন ভূঁইয়া।
ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী বলেন- এ মামলার ৬ আসামির একজন বাদে অন্য কেউই হাজির হননি। বর্তমানে পুলিশের সাবেক এএসআই আশেক এলাহী কারাবরণ করছেন। তিনি শুধু আদালতে হাজিরা দিয়েছেন। বাকিরা উপস্থিত না হওয়ায় বিজ্ঞ আদালত আগামীকাল বুধবার তারিখ ধার্য করেছে। আগামীকাল আসামীদের পক্ষে যুক্তি-তক উপস্থাপন করা হবে। এছাড়া আগামীকাল মামলার রায়ের তারিখও ঘোষণা হতে পারে।
এর আগে গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান রায়হান উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া। পরে চেম্বার জজ আদালত তাঁর জামিন স্থগিত করে আত্মসমর্থনের নির্দেশ দেন। কিন্তু তিনি আর আত্মসমর্পণ করেননি।
এ বিষয়ে আবুল ফজল বলেন, ‘১৪ আগস্ট হাইকোর্টের চেম্বার জজ আদালত এসআই আকবরের জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি। আমরা বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আকবর পালিয়ে গেছেন। প্রকৃতপক্ষে এসআই আকবর কোথায় আছেন, তা আমরা বলতে পারি না।’
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর দিবাগত গভীর রাতে সিলেট মহানগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে।
আসামিদের অনুপস্থিতির কারণে পিছিয়ে গেলেও আগামীকালের শুনানিতে মামলার অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D