সিলেটে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

সিলেটে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও দেশের বিভিন্ন স্থানে বাউল ও সূফি সাধকদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষুব্ধ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চারণ সিলেট জেলার সভাপতি নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং কথাকলি সিলেটের সভাপতি শামছুল বাসিত শেরো, বাংলাদেশ বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগীয় সভাপতি বিরহী কালা মিয়া, সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাস, দপ্তর সম্পাদক শীতন বাউল, বিশিষ্ট সাহিত্যানুরাগী সময়পাঠ এর সম্পাদক মনির হেলাল, নাট্যজন নীলাঞ্জন দাস টুকু, বাউল শিল্পী শাহিনূর আলম সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দপ্তর সম্পাদক কবি মেকদাদ মেঘ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘বাউলরা এই মাটিতে বেড়ে উঠা এক অমূল্য সম্পদ। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বাউল গান সারা পৃথিবীতে বাংলাদেশের সংস্কৃতিকে উপস্থাপন করে। বাউলরা মানুষের ভেদাভেদ ভুলে প্রেম ও মানবতার কথা প্রচার করেন। মানুষের মধ্যে হিংসা—বিদ্বেষ কমাতে বাউলদের এই মত ও পথের গ্রহণযোগ্যতা ধর্ম—বর্ণ নির্বিশেষে সবার কাছে সমাদৃত।’

এ সময় সম্প্রতি মাদারিপুরে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানান।

এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের উপর হামলা, মাজার—ধর্ম প্রতিষ্ঠান ও সূফি সাধকদের আখড়ায় হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এসব হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।