২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় দীর্ঘদিন ধরে চলমান পাথর লুট বন্ধে এবার কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। টিলা এলাকায় প্রবেশপথে স্থাপন করা হয়েছে লোহার বেষ্টনী, যাতে বড় ধরনের পাথরবাহী যানবাহন আর ভেতরে ঢুকতে না পারে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে শাহ আরেফিন মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেষ্টনীটি বসানো হয়।
এর আগে শাহ আরেফিন টিলা পরিদর্শনে গিয়ে পাথর লুটের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন সিলেটের জেলা প্রশাসক। তিনি টিলার পাথর লুট বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলে উপজেলা প্রশাসন একাধিক অভিযান চালিয়ে পাথর মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেন।
সরকারি খাস খতিয়ানের ১৩৭ দশমিক ৫০ একর জমিতে অবস্থিত শাহ আরেফিন টিলা ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ। স্থানীয়দের মতে, প্রায় ৭০০ বছর আগে হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী হজরত শাহ আরেফিন (রহ.) এখানে বিশ্রাম নিতেন। তার ‘আসন’ থেকে এই টিলার নামকরণ। লালচে ও আঠালো মাটির নিচে থাকা বিশাল পাথর উত্তোলন করতেই দীর্ঘদিন ধরে চলছে ব্যাপক ধ্বংসযজ্ঞ।
স্থানীয়দের দাবি- টিলার প্রায় ৮৫ শতাংশ পাথর ইতোমধ্যে লুট হয়ে গেছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, নতুন লোহার বেষ্টনী বসানোর ফলে ট্রাক, পিকআপ, ট্রাক্টরসহ বড় যানবাহন টিলায় প্রবেশ করতে পারবে না। এতে পাথর লুট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তবে স্থানীয়দের আশঙ্কা, লুটকারীরা বিকল্প পথ খুলে নিতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, বেষ্টনী স্থাপনের স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। দিন-রাত নিয়োজিত থাকবে আনসার ও নিরাপত্তা প্রহরী। পাশাপাশি অন্য কোনো পথ দিয়ে পাথর বের করে নেওয়া না যায়, সে জন্য পুলিশের টহল আরও জোরদার করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D