সিলেট অবৈধ কাঠ পরিবহনের অভিযোগে ট্রাক জব্দ, আটক ২

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

সিলেট অবৈধ কাঠ পরিবহনের অভিযোগে ট্রাক জব্দ, আটক ২

সিলেটের বিয়ানীবাজারে অবৈধভাবে কাঠ পরিবহনের অভিযোগে একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকে থাকা দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বড়গ্রাম বিওপির একটি টহল দল সিলেট–বিয়ানীবাজার সড়কের দুবাগ মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ কাঠ পরিবহনের বিষয়টি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। ফলে ট্রাক ও কাঠ জব্দ করা হয়।

বিজিবি জানায়, কাঠগুলো ভারতীয় বলে সন্দেহ করা হচ্ছে। কারণ জিজ্ঞাসাবাদে আটককৃতরা কাঠ পরিবহনের বৈধ কোনো নথি দেখাতে ব্যর্থ হন। জব্দ করা কাঠের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার ৬০০ টাকা।

আটককৃতরা হলেন- মো. আব্দুর রহীম (৪২), সাসকন্দর গ্রাম, সৈয়দপুর, নীলফামারী, মো. খোকন (৪০), তারাগঞ্জ, রংপুর।

৫২-বিজিবির বিয়ানীবাজার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, সীমান্ত এলাকায় অবৈধ কাঠ পাচার রোধে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে।