২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫
অক্টোবর মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) প্রতিবেদনে। গত মাসে সারাদেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন মানুষ নিহত এবং ৫৮৯ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৬৪টি মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন ১৩০ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সারাদেশের বিভাগীয় অফিসগুলো থেকে এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহীর সংখ্যা সবচেয়ে বেশি, যা উদ্বেগের জন্ম দিয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় বিভাগভিত্তিক হতাহতের পরিসংখ্যানে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৯ জন নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যার দিক থেকে এরপরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে ৯৮টি দুর্ঘটনায় ৮৯ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছেন।
অন্যদিকে, খুলনা বিভাগে ৫৯টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন এবং রাজশাহী বিভাগে ৫৪টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে (উভয় ক্ষেত্রে ২৩টি করে), তবে এই দুটি বিভাগে যথাক্রমে ২৬ জন এবং ২২ জন মানুষ নিহত হয়েছেন। রংপুর বিভাগে ৫১টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮ জন এবং বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবর মাসে সংগঠিত মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলই ছিল প্রধানত দায়ী, যার সংখ্যা ছিল ১৬৪টি। এর পরেই রয়েছে ট্রাক বা কাভার্ডভ্যান (১২৪টি) এবং বাস বা মিনিবাস (১১৪টি)। নিহতের সংখ্যার দিক থেকেও মোটরসাইকেল আরোহীর সংখ্যা ছিল সর্বোচ্চ (১৩০ জন)।
এ ছাড়া, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৬৪ জন এবং ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৪৮ জন নিহত হন। অন্যান্য যানবাহনের মধ্যে অটোরিকশা দুর্ঘটনায় ৩২ জন, ভ্যান দুর্ঘটনায় ২১ জন, পিকআপ দুর্ঘটনায় ১১ জন এবং ইজিবাইক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D