৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া ১৫ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর প্রেমকে কেন্দ্র করে বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। বিষয়টি স্বজনদের নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোর এবং কিশোরীকে উদ্ধার করেছে।
পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, প্রেমের সম্পর্কের কারণে তারা এক রেস্তোরাঁয় দেখা করতে গিয়েছিল। সেখানে মেয়ের স্বজনরা হাজির হয়ে কিশোরকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের উপস্থিতিতে এক ইমামের মাধ্যমে ছেলেমেয়ের বাল্যবিবাহ সম্পন্ন হয়।
ঘটনার খোঁজ পেয়ে ছেলেটির স্বজনরা রাতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার রাত ১১টার দিকে জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে কিশোর–কিশোরীকে উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসে।
মামলায় ছেলেটির মা বাদী হয়ে মেয়ের বাবা-মা এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা করেছেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ছেলের বন্ধুর ফোনে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, কিশোরকে জোরপূর্বক ধরে নেওয়া হয়েছে এবং বাল্যবিবাহ সম্পন্ন করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে, যেখানে জবানবন্দি গ্রহণের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। অভিযুক্তরা পলাতক, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ছেলেটি কুলাউড়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণিতে পড়ছে আর মেয়েটি অষ্টম শ্রেণির পর আর লেখাপড়া করেনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D