চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে পদদলিতে ২ জনের মৃত্যু, আহত ৬

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে পদদলিতে ২ জনের মৃত্যু, আহত ৬


চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজন নিহত হয়েছেন। আরও অন্তত ৬জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনা ঘটে আজ শনিবার দুপুর ১২টার দিকে।

মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিহত ও আহতদের তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান জানিয়েছেন, মানুষের ভিড়ে গরমে অসুস্থ হয়ে কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয় তারা। আহত অবস্থায় মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে দুজনের মৃত্যু হয়।