২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৫
মানবজাতির জন্য শান্তির বার্তা ও আল্লাহর অসীম রহমত নিয়ে ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি ক্যালেন্ডারের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সৌদি আরবের মক্কা নগরীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। মুসলিম উম্মাহর কাছে দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবেই পরিচিত। আজ শনিবার দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীর মত প্রধান শহরগুলিতে সুষ্ঠু ও নিরাপদে জামাত ও শোভাযাত্রা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সরকার সারাদেশে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। বিশেষত বৃহৎ মসজিদ ও ধর্মীয় স্থানে, যেখানে বড় সমাবেশের সম্ভাবনা রয়েছে সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বলেছেন। ইতোমধ্যে সংবেদনশীল স্থানগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কার্যকর জনসমাগম ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে ভক্ত-অনুরাগীদের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে যথাযথ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ওপরও জোর দেওয়া হয়েছে। ঈদ-ই-মিলাদুন্নবী মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুবার্ষিকী হিসেবে দিনটি পালন করা হয়। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি পালন করা হবে। পবিত্র দিনটি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠানসহ সারা দেশে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠান: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইফার উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর (গতকাল শুক্রবার) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফা বোর্ড অব গভর্নরস-এর গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মাওলানা শাহ মো. নেছারুল হক ও ড. মাওলানা খলিলুর রহমান মাদানি। ইফার মহাপরিচালক আ. ছালাম খান এতে সভাপতিত্ব করবেন।
১৫ দিনব্যাপী ওয়াজ মাহফিল: ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পূর্ব সাহানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য আলেম-ওলামা বয়ান করবেন।
বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ উদ্যোগে সেমিনার: বাংলাদেশ বেতারের সাথে যৌথ উদ্যোগে ৪ দিন মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর সেমিনার বায়তুল মোকাররম মিলনায়তনে ধারণ করা হবে। পরবর্তীতে তা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ‘ক’ চ্যানেল ও এফএম ১০৬-এ রাত ১০টা ৫ মিনিট থেকে রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত প্রচার করা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তনে দর্শকের উপস্থিতিতে এই অনুষ্ঠান রেকর্ড করা হবে।
সিরাত স্মরণিকা প্রকাশ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে দেশবরেণ্য আলেম-ওলামা, ইসলামী স্কলার, লেখক, কবি ও গবেষকদের লেখা সমৃদ্ধ একটি আকর্ষণীয় সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়।
মাসব্যাপী ইসলামী বইমেলা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ সাহানে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। এবার মেলা আন্তর্জাতিক রূপ লাভ করবে। এতে মিশর, তুরস্ক, পাকিস্তান ও লেবাননের পুস্তক প্রকাশনা সংস্থা অংশ নেবে। এবারের মেলা বৃহত্তর পরিসরে আয়োজন করা হয়েছে। এতে প্রায় ২০০টি স্টল স্থান পাচ্ছে। মেলা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা: ঢাকা মহানগরীর স্কুল, কলেজ, আলিয়া ও কওমি মাদরাসা এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের ৩টি গ্রুপে বিভক্ত করে ৭টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো কিরাত, আজান, হামদ-নাত, রচনা, কবিতা, উপস্থিত বক্তৃতা ও আরবিতে খুতবা লিখন। ১৫-১৬ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
কিরাত মাহফিল, হামদ-নাত ও রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর: জাতীয় মসজিদের পূর্ব সাহানে ১১ সেপ্টেম্বর বাদ মাগরিব কিরাত মাহফিল, ১৭ সেপ্টেম্বর বাদ মাগরিব হামদ-নাত ও ১৮ সেপ্টেম্বর বাদ আসর রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর আয়োজন করা হবে। এতে দেশের প্রখ্যাত কারি, কবি ও শিল্পীরা অংশ নেবেন।
দেশব্যাপী ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন: ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫৬টি ইসলামিক মিশন ও ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে মহানবী (সা)-এর জীবন ও কর্ম সম্পর্কিত ওয়াজ মাহফিল এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D